ঢাকাই নায়িকা নুসরাত ফারিয়া ২০২০ সালের মার্চ মাসে পারিবারিকভাবে বাগদান করেছিলেন। প্রায় ১০ বছর প্রেমের পর রনি রিয়াদ রশীদের সঙ্গে তিনি আংটি বদল করেন। তবে এক বছর পরই জানিয়ে দেন, তাদের বি়েটি আর হচ্ছে না এবং সম্পর্কটি বিচ্ছিন্ন হয়েছে।
বিগত দুই বছর ধরে সিঙ্গেল জীবনযাপন করছেন নুসরাত ফারিয়া। এবার বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। রোববার সকালে এক ফেসবুক পোস্টে নায়িকা বিয়ের বিষয়ে তার বর্তমান চিন্তা প্রকাশ করেছেন।
পোস্টে নুসরাত ফারিয়া লিখেছেন, “যদি জীবনটা সোশ্যাল মিডিয়ার মতো সহজ হতো, তবে ভালো তো। কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। তাই আপাতত, আমার জন্য পাত্র না খুঁজলেও চলবে।”
তিনি আরও বলেন, “প্রায়ই বিয়ে নিয়ে মাতামাতি হয়, যা দেখতে মজার। তবে এখন আমি একটু কাজ আর পড়াশোনা করতে চাই। দয়া করে এ জন্য আমাকে দোয়া করবেন।”
সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া রনির সঙ্গে বিচ্ছেদের কারণও পরিষ্কার করেছেন। জানা গেছে, দীর্ঘ ১০ বছর প্রেম করার পরও তাদের মধ্যে কেউ সম্পর্কটিকে টিকিয়ে রাখার চেষ্টা করেনি। এরই মধ্যে তার সাবেক প্রেমিক নতুন জীবন শুরু করেছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নুসরাত ফারিয়ার।
