বাংলাদেশে নেটওয়ার্ক পেশাজীবীদের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন করেছে হুয়াওয়ে

ঢাকায় নেটওয়ার্ক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং কাজের পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা (ইএইচএস) মান নিশ্চিত করার লক্ষ্যে একটি ট্রেনিং সেন্টার স্থাপন করেছে হুয়াওয়ে। এই উদ্যোগের মাধ্যমে বিশেষ করে বেইজ ট্রান্সসিভার স্টেশনে (বিটিএস) কর্মরত ইঞ্জিনিয়ারদের দক্ষতা বাড়ানো এবং তাদের নিরাপত্তা উন্নত করা হবে।

ট্রেনিং সেন্টারটি মূলত দুটি বিষয় নিয়ে কাজ করবে। প্রথমত, হুয়াওয়ের গ্রাহক, সাব-কনট্রাক্টর এবং চ্যানেল পার্টনারদের বিটিএস সরঞ্জাম স্থাপন এবং কমিশনিং-এর ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয়ত, এখানে বিটিএস পেশাজীবীদের জন্য কাজের পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া, হুয়াওয়ে সম্প্রতি সাব-কন্ট্রাক্টরদের জন্য ইএইচএস স্ট্যান্ডার্ড বজায় রাখার লক্ষ্যে একটি প্রশিক্ষণ আয়োজন করেছে। এই প্রশিক্ষণে, নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইএইচএস স্ট্যান্ডার্ড বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপগুলোর ওপর আলোকপাত করা হয়েছে।

হুয়াওয়ে সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং বলেন, “আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে আমাদের সহযোগী বিটিএস পেশাজীবীরা সর্বাধুনিক টেলিকম প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষিত হতে পারে। টেলিকম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইএইচএস মান বজায় রাখতে হুয়াওয়ে বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে। এই প্রশিক্ষণ কেন্দ্র আমাদের পেশাদারদের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন এবং এটি তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কাজের সময় নিরাপত্তা নিশ্চিত করবে।”

হুয়াওয়ে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সাপ্লাইয়ারদের ইঞ্জিনিয়ারিং সেবা এবং ইএইচএস ব্যবস্থাপনা উন্নত করার জন্য ধারাবাহিকভাবে পদক্ষেপ নিচ্ছে এবং সুরক্ষা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে গুরুতর ঝুঁকিগুলিও পর্যবেক্ষণ করে সমাধান প্রদান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *