‘জাতীয় দলে আর খেলছি না’, আফ্রিদিকে বললেন তামিম

বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এক বছর ধরে জাতীয় দলের বাইরে। ভারতের মাটিতে গত বছরের অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ ছিল তার শেষ আন্তর্জাতিক আসর, যার পর তিনি নিজেকে জাতীয় দলের স্কোয়াড থেকে সরিয়ে নেন। এরপর থেকে তামিমের জাতীয় দলে ফিরবে কিনা, তা নিয়ে নানা আলোচনা চলছে।

এমনকি গুঞ্জন রয়েছে যে, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে আবারও জাতীয় দলে ফিরতে পারেন তামিম, তবে তিনি এ বিষয়ে কিছুই মন্তব্য করেননি। বিসিবিও তার প্রত্যাবর্তন নিয়ে নিশ্চিত কিছু জানায়নি। তবে সম্প্রতি পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদির সাথে এক আলোচনায় তামিম একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন।

আফ্রিদি যখন তামিমকে তার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করেন, তখন তামিম সোজাসাপ্টা উত্তর দেন, ‘জাতীয় দলে আর খেলছি না।’

এসময় তামিম এবং আফ্রিদি সহ আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবির সাথে একটি নৈশভোজে ছিলেন। খাবারের সময় তামিম ও আফ্রিদি নানা বিষয়ে কথা বলেন, এবং এক পর্যায়ে আফ্রিদি তামিমের কাছে জানতে চান, “তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেলেছো? (আন্তর্জাতিক ক্যারিয়ার) শেষ?”

তামিম এর উত্তর দেন, “জাতীয় দলের ব্যাপারে আর খেলছি না।” এরপর তামিম আফ্রিদিকে প্রশ্ন করেন, তিনি কি রাজনীতিতে আসতে চান? আফ্রিদি মজা করে বলেন, “তোমাদের অবস্থা তো দেখতেছি, আমি রাজনীতিতে আসতেছি না।” এই মন্তব্যে সবাই হেসে ওঠেন।

বর্তমানে চলমান বিপিএলে তামিম ফরচুন বরিশালের অধিনায়কত্ব করছেন, যেখানে নবি ও শাহিন আফ্রিদিও তার দলের সদস্য। আর শহীদ আফ্রিদি চিটাগাং কিংসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছেন।

এদিকে, নৈশভোজে আফ্রিদি নবির অবসর নিয়ে প্রশ্ন করেন, আর নবির উত্তরে জানা যায়, “চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে থেকে অবসর নেব, তারপর শুধুমাত্র টি-টোয়েন্টি খেলব।” তবে আফ্রিদি তাকে পরামর্শ দেন, “তুমি এখনও তরুণ, খেলা চালিয়ে যাও, অবসর নেবার প্রয়োজন নেই।”

শেষে, আফ্রিদি তামিমসহ অন্যদের খাবারের আমন্ত্রণ জানান এবং তামিম করাচির বিরিয়ানির প্রশংসা করেন। তামিম আগেই জানিয়েছেন, তিনি বর্তমানে বিপিএলেই মনোযোগী, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি বা বিসিবির সাথে কোনো আলোচনা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *