দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আজ (শুক্রবার) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে এ ভূকম্পনটি হয়।

ঢাকা, সিলেট এবং কুমিল্লায় ভূমিকম্পের অনুভূতির কথা ফেসবুকে অনেকেই তাদের স্ট্যাটাসে জানিয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের ফেখ শহর থেকে ১২৮ কিলোমিটার দূরে, মিয়ানমারে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।

ঢাকা পোস্টের সিলেট প্রতিনিধি মাসুদ আহমদ রনি জানিয়েছেন, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। আতঙ্কিত হয়ে অনেকেই বাসা-বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সজীব হোসাইন বলেন, সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এটি ৫ মাত্রার ছিল। তিনি জানান, এর উৎপত্তিস্থল মিয়ানমারে এবং পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটেও একই তথ্য পাওয়া গেছে। তারা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ঢাকা শহরের দূরত্ব ৫৩১ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *