পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ ধর্মীয় জীবনযাপন অনুসরণের জন্য শোবিজ থেকে বিদায় নিলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, ভবিষ্যতে আর কোনো সিনেমা বা নাটকে অভিনয় করবেন না।
দেশের শীর্ষ সংবাদমাধ্যম জিও নিউজে সোমবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আনুম ফায়াজ বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে তার অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন। তবে সম্প্রতি তিনি হঠাৎ করেই শোবিজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে আনুম লিখেছেন, “এই বার্তা লিখতে আমার অনেক কষ্ট হচ্ছে। আপনারা দীর্ঘদিন আমার মিডিয়া ক্যারিয়ারের প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন, তবে এখন থেকে আমি শোবিজ পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি ইসলাম ধর্মের বিধি-বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করি, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।”
এছাড়া, কিছুদিন ধরেই আনুম ফায়াজকে সিনেমা বা টেলিভিশনে দেখা যাচ্ছিল না। ইনস্টাগ্রামে তার বিভিন্ন পোস্টে তাকে হিজাব এবং বোরকা পরিহিত অবস্থায় দেখা গেছে।
আনুম ফায়াজ ২০১৬ সালে আসাদ আনোয়ারের সাথে বিবাহিত হন এবং তাদের একটি পুত্রসন্তান রয়েছে।
সূত্র: জিও নিউজ ও ডন
