পাবলো পিকাসোর এক পরিচিত চিত্রকর্ম ‘উইমেন উইথ এ ওয়াচ’ নিলামে ১৩ কোটি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়েছে। নিউইয়র্কের সোথবি নিলাম হাউস বুধবার রাতে এটি বিক্রি করেছে, এবং এটি পিকাসোর দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ছবি।
সোথবির পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
পিকাসো তার প্রেমিকা এবং মডেল, ফরাসি চিত্রশিল্পী মারিয়ে থেরেসে ওয়াল্টারকে নিয়ে ১৯৩২ সালে ছবিটি আঁকেন। সোথবির ইমপ্রেশনিস্ট ও আধুনিক শিল্পের প্রধান, জুলিয়ান ডাওয়েস, ‘উইমেন উইথ এ ওয়াচ’ চিত্রকর্মটিকে পিকাসোর অন্যতম মাস্টারপিস হিসেবে বর্ণনা করেছেন।
এ সপ্তাহে সোথবিতে ‘ফেমে এ লা মন্ট্রে’ নামে একটি বিশেষ বিক্রির আয়োজন চলছে, যা নিউইয়র্কের শিল্পপৃষ্ঠপোষক এমিলি ফিশার ল্যান্ডউরের সংগ্রহ থেকে বিক্রি হচ্ছে। তিনি চলতি বছর ১০২ বছর বয়সে মারা যান।
‘উইমেন উইথ এ ওয়াচ’ ছবিটি বর্তমানে এমিলির লিভিং রুমের দেয়ালে ঝুলছে।
প্যারিসে ১৯২৭ সালে ওয়াল্টার এবং পিকাসোর প্রথম দেখা হয়, তখন ওয়াল্টারের বয়স ছিল ২৭ বছর এবং পিকাসো ছিলেন বিবাহিত। তাদের একটি মেয়ে ছিল, যিনি গত বছর মারা যান।
আগে ১৯৫৫ সালে পিকাসোর তেলরঙে আঁকা ‘দ্য উইমেন অব আলজিয়ার্স’ ছবিটি ১৭ কোটি ৯৪ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
পিকাসো ১৯৭৩ সালে ৯১ বছর বয়সে মারা যান, তবে মৃত্যুর ৫০ বছর পরও আধুনিক বিশ্বের অন্যতম প্রভাবশালী শিল্পী হিসেবে তিনি পরিচিত। তার সৃজনশীল প্রতিভা বিশ্বব্যাপী সমাদৃত।
সূত্র: বাসস

অবিশ্বাস্য কথা এত দামে একটা পেইন্টিং বিক্রি হচ্ছে