বছরের প্রথম দিনেই ‘স্বৈরাচারী অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান

দেশব্যাপী ‘অঞ্জনা’ সিরিজের গানে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া গায়ক মনির খান নতুন বছরের প্রথম দিন ‘স্বৈরাচারী অঞ্জনা’ শিরোনামে একটি নতুন গান নিয়ে ফিরছেন।

এটি নিশ্চিত করেছেন গায়ক নিজেই। ১ জানুয়ারি, বুধবার গায়কের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।

‘আমার জীবন যদি দেশ হয় তার, তুই যে প্রধানমন্ত্রী… অঞ্জনা’- এমন কথার মাধ্যমে নতুন গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন খ্যাতিমান গীতিকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার। সঙ্গীত আয়োজন করেছেন বিনোদ রায়। মিউজিক ভিডিওর কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মনির খান প্রতি বছর নতুন বছরের প্রথম দিনে ‘অঞ্জনা’ সিরিজের একটি গান প্রকাশ করে আসছেন, আর এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখে নতুন গানটি প্রকাশ করতে যাচ্ছেন। তবে এবারের ‘অঞ্জনা’ একটি ব্যতিক্রমী রূপে হাজির হচ্ছে।

গায়ক বলেন, “এবার আমি একটু ভিন্নধর্মী ‘অঞ্জনা’ গান তৈরি করেছি। বর্তমান পরিস্থিতি এবং অঞ্জনার চরিত্রের বৈশিষ্ট্যগুলোকে মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। শ্রোতারা সবসময় আমার গান শোনেন, গান শুনে আমাকে ভালোবেসেছেন, যা আমাকে সংগীতের পথে ধরে রেখেছে।”

তিনি আরও বলেন, “এবারের ‘অঞ্জনা’ গানটির স্বাদ একদমই আলাদা হবে। এই শিরোনামে আমি অনেক গান করেছি, প্রতিটি গানেই নিজেকে সেরাটা দিয়েছি। তবে এবারের গানটির স্বাদ ভিন্ন এবং শ্রোতারা এতে মজা পাবেন, সেটি আমি নিশ্চিত।”

উল্লেখ্য, ১৯৯৬ সালে মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’-এ ‘অঞ্জনা’ শিরোনামে গানটি প্রকাশিত হওয়ার পরই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এরপর থেকে প্রায় প্রতিটি অ্যালবামেই ‘অঞ্জনা’ শিরোনামের গান রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *