“পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন ট্রাম্প”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ‘ভালো এবং ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। তিনি এই আলোচনা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মস্কোতে পুতিন এবং মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প এ মন্তব্য করেন। বৈঠকের পর ক্রেমলিন জানায়, শান্তি প্রক্রিয়ার জন্য উভয় পক্ষই ‘সতর্ক আশাবাদ’ প্রকাশ করেছে।

ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে বলেছেন, এই আলোচনা ‘অবশেষে ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটানোর একটি খুব ভালো সুযোগ’ তৈরি করেছে।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আলোচনা বিলম্বিত করার চেষ্টা করছেন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মন্তব্য করেছেন, রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ‘ছলচাতুরী’ করতে দেওয়া যাবে না।

এই সপ্তাহের শুরুর দিকে, ইউক্রেন যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে, তবে রাশিয়া এখনও এতে সম্মত হয়নি।

গত বৃহস্পতিবার পুতিন বলেছেন, যুদ্ধবিরতির ধারণাটি ‘সঠিক’ এবং তারা এটি সমর্থন করেন, তবে এতে কিছু ছোটখাটো জটিলতা রয়েছে। তিনি শান্তির জন্য বেশ কয়েকটি কঠিন শর্ত দিয়েছেন। জেলেনস্কি পুতিনের এই প্রতিক্রিয়াকে ‘ছলনা’ বলে আখ্যায়িত করেছেন।

ইউক্রেনের এই নেতা শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ব্যবহার করে পুতিনের সমালোচনা অব্যাহত রেখেছেন, লিখেছেন: ‘পুতিন এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবেন না, কারণ এতে তিনি সব হারাবেন। এজন্যই তিনি যুদ্ধবিরতির আগে থেকেই অত্যন্ত কঠিন এবং অগ্রহণযোগ্য শর্ত দিয়ে কূটনীতিকে ধ্বংস করার চেষ্টা করছেন।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া, যা স্নায়ুযুদ্ধ পরবর্তী সময়ে পশ্চিমাদের সঙ্গে মস্কোর সবচেয়ে বৃহৎ সংঘর্ষ হিসেবে পরিচিত। ২০২৪ সালের মাঝামাঝি থেকে রুশ বাহিনী ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি তিন বছরের এই যুদ্ধের সমাপ্তি চান।

One Reply to ““পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন ট্রাম্প””

  1. আবার যুদ্ধে নামছে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ পুতিনের সঙ্গে ইউক্রেনে যুদ্ধ নিয়ে ফল প্রসূ আলোচনা হচ্ছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ শুরু করে রাশিয়ায়। পরবর্তী সময়ে পশ্চিমাদের সঙ্গে মস্কোর সবচেয়ে বৃহৎ সংঘর্ষ পরিচিতি। তিনি তিন বছর ধরে যুদ্ধ সমাপ্তি চান। যুদ্ধ সমাপ্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *