নতুন দল, নতুন স্বপ্ন, এবং তারুণ্যের দ্রোহ

২৮ ফেব্রুয়ারি, ২০২৫ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। এই দিনে, দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের বাইরে, তারুণ্যের শক্তির উপর নির্ভরশীল একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। এত বিপুল জনপ্রিয়তা এবং আবেগের মধ্যে কোনও রাজনৈতিক দলের এত বর্ণাঢ্য আত্মপ্রকাশ আগে কখনও হয়েছে কি না, তা বলা কঠিন। তবে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশ্লেষণ করলে দেখা যায়, এই দলের উত্থান ছিল একদিকে যেমন অবশ্যম্ভাবী, তেমনি স্বতঃস্ফূর্ত গণ-আকাঙ্ক্ষার প্রকাশ। প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বাইরে একটি নতুন স্বপ্ন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এই দলের মধ্যে লক্ষ্য করা যায়। ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, বরং তারুণ্যের এক নতুন আকাঙ্ক্ষার উদ্ভব। তরুণরা যেভাবে বাংলাদেশকে দেখতে চায়, সেই সেরকম বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন তারা নিজেদের কাঁধে নিয়েছে, এবং তারা মনে করছে, এই দায়িত্ব তারা অন্য কারও ওপর দিয়ে নিরাপদভাবে পালন করতে পারবে না। এ কারণেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ‘জুলাই বিপ্লব’ একটি ঐতিহাসিক ঘটনা, যেখানে মূলধারার রাজনৈতিক নেতৃত্বের বাইরে কিছু উদ্যমী এবং অকুতোভয় তরুণ তাদের জীবন উৎসর্গ করেছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনে। শত শহীদের রক্তে রঞ্জিত বাংলাদেশ অবশেষে মুক্ত হয়েছিল স্বৈরাচারের শৃঙ্খল থেকে। তবে যখন স্বৈরাচারের পতনের পর তরুণরা দেখেছিল যে তাদের স্বপ্ন ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে, তখন তারা নিজেরাই দায়িত্ব গ্রহণ করেছে। এটি শুধু একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নয়, বরং এক নতুন যুগের সূচনা। এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হবে। বাংলাদেশের সকল অর্জন তারুণ্যের হাত ধরেই এসেছে—ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই বিপ্লব—সবকিছুই অকুতোভয় তারুণ্যের দ্রোহের বিজয়। কিন্তু আশির দশক থেকে আমাদের তরুণরা ক্রমশ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল। ষাট ও সত্তরের দশকে আমরা দেখেছি, মেধাবী শিক্ষার্থীরা ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, বিশ্ববিদ্যালয়গুলো ছাত্ররাজনীতির চর্চাকেন্দ্র ছিল, তবে আশির দশকে এসে পরিস্থিতি বদলে যায়। তরুণরা লেখাপড়া, ভালো চাকরি, ব্যবসা, বিদেশে উচ্চশিক্ষা বা স্থায়ীভাবে বিদেশে বসবাসে মনোযোগী হয়ে পড়েছিল, ফলে রাজনীতিতে নতুন নেতৃত্ব তৈরি হতে পারেনি। এই অবস্থার ফলস্বরূপ, রাজনীতিতে অযোগ্য এবং দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা স্থান করে নেয় এবং রাজনীতি হয়ে পড়ে মেধাহীন ও দুর্নীতির আখড়া।

এ কথা অস্বীকার করা যায় না যে, আশির দশকে জিয়াউর রহমান তরুণ মেধাবীদের রাজনীতিতে যুক্ত করতে উদ্যোগ নিয়েছিলেন। তিনি তাদের একত্রিত করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু তাঁর মৃত্যুর পর সেই উদ্যোগ থেমে যায়। রাজনৈতিক দলগুলো ছাত্ররাজনীতিতে পেশিশক্তি এবং শক্তির লড়াই শুরু করে, যার ফলে ছাত্ররাজনীতি হয়ে পড়ে দুর্বল এবং মেধাহীন। এর ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্ররাজনীতি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হয়। এর পর, ২০১৪ সালের পর থেকে আমরা আবারও তরুণদের রাজনৈতিক চেতনা ফিরে আসতে দেখি। ২০১৮ সালে কোটা আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের রাজনৈতিক অভিপ্রায় প্রকাশ করতে শুরু করে। কোটা আন্দোলন ছিল বাংলাদেশের ছাত্রদের শক্তি ও দ্রোহের পুনর্জাগরণ, এবং এর পর, ‘নিরাপদ সড়ক আন্দোলন’-এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে অধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধি পায়।

২০১৮ সালের কোটা আন্দোলন শুধু কোটা সংস্কারের দাবি ছিল না, এটি ছিল একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য তরুণদের একত্রিত হওয়া। তারা একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, যোগ্যতার ভিত্তিতে পরিচালিত বাংলাদেশ চেয়েছিল, যেখানে মেধার মর্যাদা থাকবে। এ থেকেই স্বৈরাচারের পতন ঘটে, কিন্তু পরে দেখলাম যে সেই স্বপ্নগুলো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে, পুরোনো ব্যবস্থাপনায় রাষ্ট্র এগিয়ে যাচ্ছে। সেই অবস্থায় তরুণরা আবার ঐক্যবদ্ধ হয়ে নতুন রাজনৈতিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার দাবি তুলেছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন বাংলাদেশের রাজনীতিতে নতুন বিপ্লবের ডাক দিয়েছে। তরুণরা এখন এক নতুন রাষ্ট্র গড়ার পথচলায় নেতৃত্ব দিতে প্রস্তুত। এনসিপি এর ভবিষ্যৎ নির্ভর করবে জনগণের সিদ্ধান্তের উপর, তবে এক কথা নিশ্চিত, তারা বাংলাদেশের রাজনৈতিক গতিধারা বদলে দিতে সক্ষম হবে।

বিশ্বজুড়ে নেতৃত্বের সংকট চলছে, এবং তরুণ নেতৃত্ব এখনো সঠিকভাবে সামনে আসতে পারছে না। তবে বাংলাদেশের তরুণরা জাতীয় নাগরিক পার্টি গঠনের মাধ্যমে গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে তরুণদের শক্তি এবং আকাঙ্ক্ষা এখন এক নতুন দিশা দেখাচ্ছে। যদিও একটি রাজনৈতিক দল গঠন এবং তা ছড়িয়ে দেওয়া সহজ কাজ নয়, আমরা আশাবাদী। কারণ তরুণরা নতুন ভাবনা নিয়ে এগিয়ে আসছে এবং আগামী বাংলাদেশের নেতৃত্ব তাদের হাতেই থাকবে। ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ এই বার্তাটি স্পষ্ট করেছে—তরুণরা নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে, এবং জনগণ তাদের ওপর আস্থা রেখেছে।

One Reply to “নতুন দল, নতুন স্বপ্ন, এবং তারুণ্যের দ্রোহ”

  1. নতুন দল নতুন স্বপ্ন নতুন প্রত্যাশা নতুন পালা। আশা করি সবকিছুই আমরা পাব। আমরা চাই আমাদের দেশ আরো রঙিন হোক। বিশ্ব মধ্যে আমাদের দেশের নাম হোক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *