“আজহারুল ইসলামকে মুক্তি না দিলে, আমাকে গ্রেপ্তার করুন: জামায়াত আমিরের আহ্বান”

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “আজহারুল ইসলামকে মুক্তি দিন, না হলে আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান। যদি আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়, তাহলে একজন মজলুম মুক্তি পাবে।” তিনি আজ সোমবার সকালে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা পরিষদের পাশে এক পথসভায় এই মন্তব্য করেন।

শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কে এম মকবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান, জেলা আমির মুহা. আবদুর রব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মুহাম্মদ আজহারুল ইসলামসহ স্থানীয় নেতারা।

শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামীর বহু নেতাকে ভুয়া ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসিতে ঝোলানো হয়েছে, এবং তাদের মধ্যে আজহারুল ইসলাম এখনও কারাগারে বন্দী। সরকারের পক্ষ থেকে তাঁকে মুক্তি দেওয়া হচ্ছে না, যদিও দেশের পরিস্থিতি এখন পরিবর্তিত হয়েছে।

তিনি আরও বলেন, “আজহারুল ইসলামের মুক্তি বাংলাদেশের সম্পূর্ণ মুক্তি এনে দেবে না, তবে একজন মজলুমের মুক্তি হবে।” জামায়াতের আমির এ সময় বলেন, “বাংলাদেশের মুক্তির জন্য আমাদের যুবসমাজকে এগিয়ে আসতে হবে। গত সাড়ে ১৫ বছর ধরে আমাদের ওপর নানা জুলুম চলেছে, আমরা আন্দোলন করেছি, কিন্তু সরকারকে সরাতে পারিনি। তবে, ছাত্রদের নেতৃত্বে সেই শক্তি তৈরি হয়েছিল, যার মাধ্যমে বাংলাদেশ মুক্ত হয়েছে। আমাদের সেই সন্তানদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

যুবকদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, “সমাজ গড়তে হলে তোমাদের দায়িত্ব নিতে হবে। বিপ্লবের জন্য যে যুবকরা এগিয়ে আসে, সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে বিপ্লব সফল হয়। আমি যুবকদের থেকে দুইটি জিনিস চাই: এক হচ্ছে গভীর দেশপ্রেম, এবং দ্বিতীয় হচ্ছে আল্লাহর প্রতি ভয়। এই দুটি গুণ নিয়ে যদি যুবকরা এগিয়ে আসে, তারা হবে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয় পর্বত।”

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, “অতীত থেকে কেউ শিক্ষা নেয় না, আওয়ামী লীগও তা নেয়নি। তারা দেশের মানুষের ওপর জুলুম করেছে, নির্যাতন করেছে এবং দেশের সম্পদ লুণ্ঠন করেছে। সেই লুণ্ঠিত সম্পদ তারা বিদেশে পাচার করে কানাডায় বেগমপাড়া গড়ে তুলেছে। তারা কেউ দেশ থেকে পালায়নি, বরং তারা নিজেরাই দেশ ছেড়েছে, আর যারা পালাতে পারেনি, তারা এখন ধরা পড়ছে।”

আজ সকালে শফিকুর রহমান হেলিকপ্টারযোগে ভেদরগঞ্জে আসেন। পথসভা শেষে তিনি উপজেলার মহেশকান্দি এলাকায় প্রয়াত বেলায়েত হুসাইনের বাড়িতে যান। বেলায়েত হুসাইন ঢাকার দারুস সালাম থানার সাবেক আমির ছিলেন, যিনি ২০১৪ সালে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

One Reply to ““আজহারুল ইসলামকে মুক্তি না দিলে, আমাকে গ্রেপ্তার করুন: জামায়াত আমিরের আহ্বান””

  1. বিন অপরাধে কেউকে গ্রেফতার করলে। তাকে মুক্তি জন্য সবাই পাশে দাঁড়াবো। যদি অপরাধ করে গ্রেফতার হয় তাহলে পাশে দাঁড়াবো না।

Forhad Khan কে একটি উত্তর দিন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।