ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ অনুষ্ঠিত

ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ আজ, শনিবার, বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে। এই ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, যিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এবারের ম্যারাথনে ৯,৭৬০ জন পুরুষ ও ৭৬৭ জন নারীসহ মোট ১০,৫২৭ জন দৌড়বিদ অংশ নেন।

এ তথ্য আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফুল ম্যারাথনে পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করেন মো. আল-আমিন, এবং মহিলা বিভাগে প্রথম হন পাপিয়া খাতুন। হাফ ম্যারাথনে পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন মো. আশিক আহমেদ, এবং মহিলা বিভাগে রিঙ্কি বিশ্বাস প্রথম হন। এছাড়াও ১০ কিলোমিটার (সাধারণ) দৌড়ে পুরুষ বিভাগে এম সোয়ান, মহিলা বিভাগে প্রিয়া আক্তার প্রথম স্থান লাভ করেন। ১০ কিলোমিটার (প্রথমবার) দৌড়ে পুরুষ বিভাগে মো. তুহিন আল মামুন ও মহিলা বিভাগে মোসা. সুমাইয়া আখতার, এবং ১০ কিলোমিটার (ভেটেরান) দৌড়ে পুরুষ বিভাগে জসিম উদ্দিন আহমেদ ও মহিলা বিভাগে ইরি লি কৈকি প্রথম স্থান অধিকার করেন।

সেনাবাহিনীর প্রধান, জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “এই ম্যারাথন শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়, এটি বিশ্বব্যাপী সংহতি ও সুস্বাস্থ্যের বার্তা বহন করে। ঢাকা আন্তর্জাতিক ম্যারাথন-২০২৫ বাংলাদেশের জনগণের মধ্যে সামাজিক ও স্বাস্থ্যসচেতনতা সৃষ্টি করবে।” তিনি ম্যারাথন-২০২৫–এ অংশগ্রহণকারী দেশি-বিদেশি অ্যাথলেটদের এবং আয়োজন সংশ্লিষ্ট সবাইকে সাফল্যের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

‘রান ফর ইউনিটি, রান ফর হিউম্যানিটি’ স্লোগান নিয়ে ম্যারাথনের উদ্বোধন হয় আজ ভোর পাঁচটায়। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন ঘোষণা করেন।

ম্যারাথনটি ঢাকার ৩০০ ফুট সড়কের পাশে অবস্থিত নৌবাহিনীর ঘাঁটি থেকে শুরু হয়ে ৩০০ ফুট রাস্তা দিয়ে কাঞ্চন ব্রিজ হয়ে একই পথে ফিরে এসে নৌবাহিনীর ঘাঁটিতে শেষ হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, অ্যাথলেটিকস ফেডারেশনের কর্মকর্তারা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা, বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, গণমাধ্যম ব্যক্তিত্বরা এবং ম্যারাথনে অংশগ্রহণকারী দেশি-বিদেশি দৌড়বিদেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *