ফের উত্তাল সিরিয়া, ৭৪৫ জন নিহত

সিরিয়ায় ফের সংঘর্ষ এবং সরকারি বাহিনীর দমন অভিযানে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। দেশটির বর্তমান ইসলামপন্থী সরকারের সমর্থক নিরাপত্তা বাহিনী এবং বন্দুকধারীরা ভূমধ্যসাগরের তীরে লাতাকিয়া প্রদেশের আলাউইত অঞ্চলে গত কয়েক দিনে সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের নারী ও শিশুসহ কয়েক শতাধিক মানুষকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৯ মার্চ) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

সংঘর্ষে হতাহতের সংখ্যা বৃদ্ধি

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ৭৪৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আলাউইত সম্প্রদায়ের বিরুদ্ধে অন্তত ৩০টি গণহত্যা চালানো হয়েছে। এসওএইচআর-এর প্রধান রামি আব্দুল রাহমান জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে সিরিয়ার আলাউইতদের মূল এলাকা জাবলেহ, বানিয়াসসহ আশপাশের এলাকায় ব্যাপক হত্যাকাণ্ড চলমান রয়েছে।

এসওএইচআর বলছে, গত দুই দিনে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। বিশেষত, গত ডিসেম্বর মাসে বাশার আল আসাদ পতনের পর সিরিয়ায় এটাই সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলে জানানো হয়েছে।

নিরাপত্তা বাহিনীও আক্রান্ত

প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে সিরিয়ার সরকারী বাহিনীর সদস্য এবং আসাদের সমর্থক যোদ্ধাও রয়েছে। এসওএইচআর জানিয়েছে, এই সংঘর্ষে ১২৫ জন সরকারি নিরাপত্তা রক্ষী এবং ১৪৮ জন আসাদপন্থী যোদ্ধা নিহত হয়েছেন।

বাহিনীর নিয়ন্ত্রণে এলাকা

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সানা সংবাদসংস্থাকে জানিয়েছেন, হামলাকবলিত এলাকাগুলো বর্তমানে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষ এবং দমন অভিযানের কারণে আলাউইত সম্প্রদায়ের শত শত সদস্য এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

রাশিয়ার ঘাঁটিতে ভিড়

রয়টার্সের খবর অনুযায়ী, লাতাকিয়ার মেইমিমে একটি রাশিয়ান ঘাঁটিতে ব্যাপক ভিড় দেখা গেছে। অনেকেই রাশিয়ার সুরক্ষার জন্য স্লোগান দিচ্ছিলেন।

বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ এই দমন অভিযান শুরু করেছে। তাদের দাবি, বাশার আল-আসাদের সমর্থক বিদ্রোহীরা তাদের বাহিনীর ওপর প্রাণঘাতী চোরাগোপ্তা হামলা চালিয়েছে, আর এটি একটি উদীয়মান বিদ্রোহ। অভিযানের চলাকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন কর্মকর্তারা।

One Reply to “ফের উত্তাল সিরিয়া, ৭৪৫ জন নিহত”

  1. আমরা বর্তমানে কেউ সুরক্ষিত নেই। আমরা হচ্ছে আমাদের সকলকে সুরক্ষা নিশ্চিত করে দেওয়া হোক। যেন আমরা স্বাধীনভাবে বাঁচতে পারে। এ জন্য স্বাধীনতা পেয়েছি যে লুকিয়ে থাকবে সবসময়। এটা অসম্ভব। আমরা চাওয়ার এ দেশ আবার আগের মত হয়ে উঠুক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।