রংপুর গ্রেপ্তার নীলফামারীর সাবেক এমপি আফতাব উদ্দিন
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও ডিমলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন সরকারকে রংপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (গতকাল) রাত সাড়ে ১২টার দিকে নগরীর সেনপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মজিদ আলী জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলা নীলফামারীতে এবং একটি হত্যা মামলা রংপুরে দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে রংপুর নগরীর কোতোয়ালি থানায় নেওয়া হয়েছে।
আফতাব উদ্দিন ২০১৪ ও ২০১৮ সালে টানা দুবার আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে তিনি আবারও সংসদ সদস্য হন। তবে গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।