ভারতীয় কংগ্রেসের জাতীয় মুখপাত্র শামা মোহাম্মদ হঠাৎ করেই ক্রিকেট দুনিয়ায় একটি বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন। ভারত যখন দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ব্যস্ত, তখন রোহিত শর্মাকে ‘মোটা’ ও ‘গড়পড়তা’ খেলোয়াড় হিসেবে উল্লেখ করে টুইট করেন এই কংগ্রেস নেত্রী। তার এই মন্তব্যের পর ভারতীয় ক্রিকেট, বিজেপি এবং সাধারণ ক্রিকেট ভক্তদের তোপের মুখে পড়তে হয় কংগ্রেসের জাতীয় মুখপাত্রকে।
ভারত যখন রোহিত শর্মার নেতৃত্বে খেলছে, তখন এমন মন্তব্য পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। তার টুইট ভাইরাল হয়ে পড়ে এবং একপর্যায়ে শামা মোহাম্মদকে সেই পোস্টটি ডিলিট করতে বাধ্য হতে হয়। তবে, এই মন্তব্যটি তোলপাড় সৃষ্টি করায় বিতর্ক এড়ানো সম্ভব হয়নি।
শামা মোহাম্মদ তার টুইটে লেখেন, ‘একজন খেলোয়াড় হিসেবে রোহিত শর্মার ওজন বেশিই। আর তিনি ভারতের ইতিহাসে সবচেয়ে বাজে অধিনায়ক।’ তিনি আরও দাবি করেন যে, রোহিত শর্মা একজন ‘মাঝারি মানের’ খেলোয়াড় এবং তিনি ভাগ্যবান যে ভারতীয় দলের অধিনায়ক হয়েছেন।
এই মন্তব্যের পর বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন নিউজের ক্রীড়া বিভাগের প্রধান সাংবাদিক আবদুল গাফফার তার টুইটে লিখেছেন, ‘রোহিতের ওজন কিছুটা বেশি হতে পারে, কিন্তু তিনি অত্যন্ত কার্যকরী এবং বিশ্বমানের পারফর্মার।’ তিনি শামা মোহাম্মদের মন্তব্যের কঠোর সমালোচনা করেন।
তবে শামা মোহাম্মদ তার অবস্থান থেকে এক পা পিছিয়ে না এসে, আবদুল গাফফারের রি-টুইটে পাল্টা লিখেছেন, ‘গাঙ্গুলি, দ্রাবিড়, ধোনি, কোহলি, কপিল দেব, শাস্ত্রী এবং অন্যান্য সকলের তুলনায় রোহিত শর্মার মধ্যে কী বিশ্বমানের কিছু আছে? তিনি একজন গড়পড়তা অধিনায়ক এবং গড়পড়তা খেলোয়াড়। তিনি ভারতীয় অধিনায়ক হয়েছেন, এটিই তার সৌভাগ্য।’
শামা মোহাম্মদের এমন মন্তব্যের পর তার দল কংগ্রেস এবং দলটির নেতা রাহুল গান্ধীও সমালোচনার মুখে পড়েছেন। দলের একের পর এক হালনাগাদ পরিস্থিতি এবং নির্বাচনী ফলাফলে বিপর্যয়ের পর এই মন্তব্য আরো বেশি সমালোচিত হচ্ছে।