কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনার নামে থাকা জমি, একটি ফ্ল্যাট এবং নয়টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহীম মিয়া এই আদেশ দেন। এসব ব্যাংক হিসাবগুলোতে মোট ১ কোটি ৫৯ লাখ ২৫ হাজার ৬৩৫ টাকা জমা রয়েছে বলে জানা গেছে। এছাড়া জব্দ হওয়া ফ্ল্যাটটি রাজধানীর উত্তরায় অবস্থিত।
দুদকের আবেদনে বলা হয়েছে, তাহসীন বাহার কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে তার জানামত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার ৭৭০ টাকার সম্পদ অর্জন করেন। এছাড়া তাহসীন বাহারের নামীয় ১৬টি ব্যাংক হিসাবে ৪২ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৯৩ টাকার সন্দেহজনক লেনদেন এবং অপরাধলব্ধ অর্থ স্থানান্তরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
তদন্তের সময় তার অর্জিত সব সম্পদ সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি, তবে বর্তমানে পাওয়া সম্পদগুলোর বিষয়ে তাকে অন্যত্র স্থানান্তর বা হস্তান্তর করতে না পারে, সেজন্য তার স্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
তাহসীন বাহার সূচনা কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র ছিলেন। তার বাবা আ. ক. ম. বাহাউদ্দিন বাহার কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য। সূচনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনীতিতে পদার্পণ করেন। ২০২৪ সালের ৯ মার্চ তিনি কুমিল্লা সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে নির্বাচিত হন, তবে ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণের মাধ্যমে তিনি পদচ্যুত হন।