বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সে রয়েছে আর্জেন্টিনা। ২৫ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজদের দল। সেই ধারাবাহিকতা ধরে রাখতে আর্জেন্টিনা দুই ম্যাচের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে।
উরুগুয়ে ও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে আজ ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। অভিজ্ঞতার সাথে তরুণদের মিশ্রণ তৈরি করেছেন কোচ লিওনেল স্কালোনি। মেসি, আলভারেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টারদের পাশাপাশি দলে অন্তর্ভুক্ত করা হয়েছে একাধিক তরুণ ফুটবলার।
এদের মধ্যে ‘নতুন মেসি’ হিসেবে পরিচিত ক্লদিও এচেভেরি অন্যতম। ম্যানচেস্টার সিটির এই উদীয়মান ফরোয়ার্ডের সাথে স্কোয়াডে রয়েছেন ইতালিয়ান ক্লাব কোমো ১৯০৭-এর মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোনে, ফরোয়ার্ড নিকোলাস পাজ, বায়ার লেভারকুসেনের ইজিকুয়েল পালাসিওস, এবং বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ত্রোদের মতো তরুণ প্রতিভা।
তবে চোটের কারণে স্কালোনি পাচ্ছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে। আগামী ২২ মার্চ উরুগুয়ের মাঠে আতিথেয়তা নেবে আর্জেন্টিনা, এরপর ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ফিরতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আর্জেন্টিনার ৩৩ সদস্যের প্রাথমিক দল:
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ
রক্ষণভাগ: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, হার্মান পেজ্জেলা, লিওনার্দো বালের্দি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা
মাঝমাঠ: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এজিকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, হুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গেজ, থিয়াগো আলমাদা
আক্রমণভাগ: লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেস, নিকোলাস পাজ, ক্লদিও এচেভেরি, পাওলো দিবালা, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, আনহেল কোরেয়া।