বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’ (বিডিপি) কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিয়েছে। আজ রোববার এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দলের নির্বাচনী প্রতীক হিসেবে ‘ফুলকপি’ নির্ধারণ করা হয়েছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় এবং আদেশের পরিপ্রেক্ষিতে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর বিধান অনুযায়ী বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত করা হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৫৪ এবং প্রতীক ‘ফুলকপি’ সংরক্ষণ করা হয়েছে।
২০২২ সালের অক্টোবর মাসে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নির্বাচন কমিশনে আবেদন করে। তবে ২০২৩ সালের ১০ এপ্রিল ইসি আবেদনটি বাতিল করে এবং দুটি বিষয়ে আপত্তি তুলে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে দলটির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম একই বছরের মধ্যে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্টের প্রাথমিক শুনানির পর ২০২৩ সালের ১৩ জুন একটি রুল জারি করা হয়। চূড়ান্ত শুনানি শেষে গত ১২ ডিসেম্বর সেই রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে রায় দেওয়া হয়।
