ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর এবং ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
রবিবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এর আদালত সময় আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। আদালত আগামী ২০ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।
পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করে জানান, “এই দিন মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। অসুস্থ থাকায় পরীমণি আদালতে উপস্থিত হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষ থেকেও সময় আবেদন করা হয়, কিন্তু আদালত তা নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন।”
উল্লেখ্য, ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মামলাটি আদালতে দায়ের করেন, যেখানে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল।